Pati LemonOthers 

রায়দিঘিতে পাতিলেবু-আনারসের গ্রাম গড়ার পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে রায়দিঘিতে এবার গড়ে উঠবে পাতিলেবু ও আনারসের গ্রাম। স্থানীয় সূত্রের খবর, এই প্রকল্পের মাধ্যমে রায়দিঘির মথুরাপুর ২ নম্বর ব্লকে পাতিলেবু ও আনারসের গ্রাম গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদেরও এই কাজে নামানোর উদ্যোগ চলছে। প্রশাসনিক সূত্রের খবর, ডায়মন্ডহারবার মহকুমা শাসকের নির্দেশ মতো এই উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। এ বিষয়ে জানা যায়, একটি পঞ্চায়েতের দুটি গ্রাম সংসদকে বেছে নিয়েই শুরু হবে এই প্রকল্পের কাজ।

স্থানীয় সূত্রের আরও খবর, এক্ষেত্রে ২৩ থেকে ২৫ লক্ষ টাকা ব্যয়ে প্রথমে পাতিলেবু গ্রাম গড়া হবে। শীঘ্রই শুরু হবে এই কাজ। জানা যায়, খাঁড়ি গ্রাম পঞ্চায়েতের ১০টি সংসদের মধ্যে দুটি সংসদকে বেছে নেওয়া হবে। ধাপে ধাপে অন্য পঞ্চায়েতেও এই কাজের চিন্তা-ভাবনা করা হবে বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ১০০ দিনের কাজের ক্ষেত্রে যাঁদের জব কার্ড রয়েছে, তাঁদেরই দেওয়া হবে পাতিলেবুর চারা। প্রাথমিকভাবে ৪৫০ জন উপভোক্তার হাতে তা তুলে দেওয়া হবে।

প্রশাসনিকভাবে আরও জানা যায়, এক্ষেত্রে স্ব-নির্ভর করে গড়ে তোলার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পাতিলেবুর পর নন্দকুমারপুরে আনারস গ্রাম গড়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এই কাজের জন্য জমিও চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, গাছ বসানো হয়ে গেলে ১০০ দিনের কাজ প্রকল্পের মাধ্যমে ৬ মাস ধরে পরিচর্চা করা হবে ভাল ফলন পাওয়ার জন্য। এক্ষেত্রে তাঁদের বাড়তি আয়ের সংস্থান হবে। আবার ব্লকের স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজেও নামানো হবে। লেবু থেকে আচার-সহ অন্যান্য উপাদান তৈরি করবেন ওই মহিলারা। ওইসব উৎপাদিত দ্রব্য বিভিন্ন বাজারে বিক্রিও করা হবে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় অনেকেই।

Related posts

Leave a Comment