আবারও বৃষ্টি বঙ্গের বেশ কয়েকটি জেলায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। আম্ফানের ধাক্কা সামলে উঠতে আরও অনেক সময় চলে যাবে। তারমধ্যে আবারও বঙ্গে ঝড় -বৃষ্টি। প্রাক-বর্ষার পরিস্থিতি বাংলায়। পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। বুধবার সন্ধ্যার আগেই নেমে এল আকাশ। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও এখনও বৃষ্টি হচ্ছে।
আম্ফান তাণ্ডবে এমনিতেই মাথার ওপর ছাদ হারিয়েছেন বহু মানুষ। তার উপর এই বৃষ্টি -বাদল। আবারও বিদ্যুতের খুঁটি ভেঙে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের বেশ কিছু এলাকা। আজ সকাল থেকে আবারও কলকাতায় শুরু বৃষ্টি। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়াতেও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ সারাদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

