কংগ্রেসে ধাক্কা : রাজ্যসভায় মনোনয়ন কপিলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জাতীয় কংগ্রেসে আবারও ধাক্কা। দলের অন্যতম প্রবীণ নেতা কপিল সিবাল এবার লখনউয়ে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন। গত ১৬ মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি ৷
উল্লেখ করা যায়, কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তবে দলের নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বজায় ছিল ৷ এখন হাত ছাড়লেন কপিল সিবাল৷ কংগ্রেসের কাছে যা ফের একটি বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷ সূত্রের খবর,তবে সমাজবাদী পার্টিতে যোগ দেননি প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী ৷
প্রবীণ এই নেতা ওই দলের সমর্থনে রাজ্যসভার টিকিট নিশ্চিত করলেন বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। উল্লেখ্য, তিনি যে সমাজবাদী পার্টির টিকিটে রাজ্যসভার নির্বাচনে লড়তে পারেন, সেই জল্পনা চলছিল ৷ এরপর লখনউয়ে অখিলেশ যাদবকে পাশে বসিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর কপিল সিবাল দাবি করলেন,সংসদে নিরপেক্ষ স্বর তুলে ধরতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি ৷

