হাওড়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে এবার ধানের চারা রোপণে তৎপরতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেশিনেই এবার ধানের চারা রোপণ করা যাবে। এরফলে উৎসাহিত কৃষকরা। বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এবার ধানের চারা রোপণে তৎপরতা শুরু করেছে হাওড়া জেলা কৃষি দপ্তর। স্থানীয় সূত্রের খবর, অল্প সময়ে কম খরচে বেশি জমিতে ধানের চারা লাগানো যাবে। ধান রোপণ মেশিনের রাইস প্ল্যান্ট ট্রান্স-প্ল্যান্টের মাধ্যমে ইতিমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে বীজতলা রোপণের কাজ শুরু করেছেন কৃষকরা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, আমতা ২ নম্বর ব্লকের থলিয়া গ্রামের ধাঁইপুরে মেশিনের সাহায্যে ধান রোপণের কাজ শুরু করেছেন কৃষকরা। আবার কৃষি দপ্তর সূত্রের খবর, এই অত্যাধুনিক মেশিন ভাড়া নিয়ে জমিতে চাষ করতে পারবেন কৃষকরা।
খরচও কমবে অনেকটাই। স্থানীয় সূত্রে আরও খবর, শ্রমিকের মাধ্যমে এক বিঘা জমি চাষ করতে ব্যয় হত ১৫০০ টাকা। মেশিনের মাধ্যমে চাষ করলে খরচ হবে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা। এক্ষেত্রে লাভবান হবেন কৃষকরাও। কৃষি দপ্তর সূত্রে বলা হয়েছে, ইতিমধ্যেই হাওড়া জেলায় চাষের জন্য ১০-১২টি মেশিন আনতে হয়েছে। আবার কৃষি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন মহিলা স্ব-নির্ভর গোষ্ঠীর হাতে উন্নতমানের ধানের বীজ তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ওই গোষ্ঠীর মহিলারাই বীজতলা তৈরি করে কৃষকদের বিক্রি করবেন। এক্ষেত্রে শ্রমিক সমস্যা দূর হবে বলে মনে করছেন কৃষকরা। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়ায় হার্ভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটার কাজ শুরু হওয়াতে এবং মেশিনের মাধ্যমে জমিতে ধানের বীজতলা রোপণে কৃষকরা সন্তোষপ্রকাশ করেছেন। স্থানীয় কৃষকদের বক্তব্য, ১০০ দিনের কাজে শ্রমিকরা যুক্ত হয়ে যাওয়ায় চাষের সময় তাঁদের খুব একটা পাওয়া যায় না। এখন মেশিনের মাধ্যমে চাষের সুযোগ এসে যাওয়ায় শ্রমিক সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

