বিশ্ব ফুটবলে রোনাল্ডোর লক্ষ্য এখন পাঁচ রেকর্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:২০২১ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে এখন পাঁচ রেকর্ড। রোনাল্ডো মাঠে নামলে বিশ্ব ফুটবলে রেকর্ড ভাঙা-গড়া চলতেই থাকে। ২০২১সাল দুরন্ত মেজাজে শুরু করেছেন সিআর সেভেন। জুভেন্তাসের এই ফুটবলার সম্রাট পেলেকে টপকে ক্লাব ও দেশ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দু’নম্বরে উঠে এলেন ৷ ব্রাজিলিয়ান পেলের ঝুলিতে ছিল ৭৫৭টি গোল ৷ রোনাল্ডোর এখন ৭৫৮টি গোল ৷
উডিনেজকে ৪-১ গোলে হারায় জুভেন্তাস ৷ ম্যাচে জোড়া গোল করেই পেলেকে টপকে গেলেনরোনাল্ডো ৷ পরের ম্যাচ এসি মিলানের বিরুদ্ধে খেলবে জুভেন্তাস। ওই ম্যাচ অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকানকে টপকে যাওয়ার সুযোগ থাকছে তাঁর। বিকানের ৭৫৯টি গোল ৷ তাঁকে টপকালে রোনাল্ডো হয়ে যাবেন ক্লাব ও দেশ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা ৷ চলতি বছরে রোনাল্ডোর সামনে একাধিক রেকর্ড ভাঙার হাতছানি ৷
পতুর্গালের হয়ে ১৭০টি ম্যাচে ১০২টি আন্তর্জাতিক গোল করেছেন রোনাল্ডো। সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হওয়া থেকে মাত্র ৭গোল দূরে রয়েছেন তিনি৷ ইরানের আলি দেইরের ১০৯টি আন্তর্জাতিক গোল রয়েছে৷ যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ রোনাল্ডোর পক্ষে এই রেকর্ড ভাঙা অসম্ভব নয় ৷
৩৫ বছরের রোনাল্ডো এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হয়েছেন। স্পেনের ফ্রান্সিসকো হেন্টোর সঙ্গে যুগ্মভাবে রোনাল্ডোই সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির গড়েছেন ৷ এবার জুভেন্তাসের হয়ে জিততে পারলে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হবেন তিনি ৷
টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো হ্যাটট্রিক করেছেন ৯টি ৷ লিওনেল মেসির সঙ্গে এই রেকর্ড রয়েছে তাঁর ৷ এবার হ্যাটট্রিক করলেই রোনাল্ডো হয়ে যাবেন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশিবার হ্যাটট্রিককারী ফুটবলার ৷
ইংল্যান্ডে গিয়ে ম্যান ইউয়ের হয়ে, স্পেনে গিয়ে রিয়ালের জার্সিতে রোনাল্ডো সর্বোচ্চ গোলাদাতা হয়েছেন ৷ এবার ইতালিতে জুভেন্তাসের হয়ে এই সাফল্য পেলে তিন দেশের সর্বোচ্চ গোলদাতার অনন্য নজির গড়বেন ৷
রোনাল্ডো অধিনায়ক হিসেবে ২০১৬ সালে পর্তুগাল প্রথমবার ইউরো কাপ জিতেছিল ৷ ইউসেবিও-ফিগোর দেশকে ইউরোপ সেরার শিরোপা দিয়েছিলেন রোনাল্ডো ৷ মিশেল প্লাতিনির সঙ্গে তিনি ইউরোর আসরের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা ৷ দু-জনেরই ৯টি করে গোল রয়েছে। একটি গোল করলেই রোনাল্ডো পৌঁছে যাবেন শীর্ষে। তিরিশ পেরিয়েও রোনাল্ডোর ফিটনেস ও গোল করার খিদেও বেড়েছে।

