সাফাইকর্মীদের এবার “সেফটি স্যুট” দিচ্ছে রাজ্য

Safety Suit

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাফাইকর্মীদের “সেফটি স্যুট” বিলির সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। করোনা যুদ্ধে শামিল হওয়া সাফাইকর্মীদের এবার “সেফটি স্যুট” দিচ্ছে রাজ্য। সূত্রের খবর, গামবুট, মাস্ক ও গ্লাভসও দেওয়া হবে বলে জানা গিয়েছে। পুরসভার সাফাইয়ের কাজে যুক্ত কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাফাইকর্মীরাও মারণ পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করছেন।

সরকারিভাবে জানা গিয়েছে, রাজ্যের বেশিরভাগ পুরসভাতেই সংক্রমণের মাত্রা বেড়েছে। আবার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তা বেড়েছে ঘিঞ্জি শহরাঞ্চল নিয়ে। প্রসঙ্গত, আক্রান্তের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের কাজ করে থাকেন পুরসভার সাফাইকর্মীরাই। রাস্তাঘাটে জঞ্জাল পরিষ্কারের কাজও করতে হয় তাঁদের। এক্ষেত্রে সাফাইকর্মীদের সংক্রামিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। স্বাস্থ্য নিরাপত্তার দাবি তুলে সাফাইকর্মীরা সরব হয়েছিলেন বেশ কয়েকটি পুরসভায়। এবার রাজ্যের “সেফটি স্যুট” বা গামবুট বিলি করার সিদ্ধান্ত ক্ষোভ প্রশমিত করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *