দুর্গোৎসবে স্ব-নির্ভর গোষ্ঠীর তৈরি জিনিস বিক্রির উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার এবার আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে তৈরি স্ব-নির্ভর গোষ্ঠীর পাশে এসে দাঁড়িয়েছে। সূত্রের খবর, ‘পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন’ বা স্বয়ংসিদ্ধা প্রকল্পে রাজ্যের ১২৫টি পুরসভা ও পুর নিগমের অধীনে ৬৮ হাজার স্ব-নির্ভর গোষ্ঠী রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন মেলায় এই গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করা হয়ে থাকে। করোনা পরিস্থিতিতে জিনিস বিক্রি করতে না পারার জন্য ওই সব গোষ্ঠীর মহিলারা আর্থিক সঙ্কটের সামনে দাঁড়িয়ে। এবার তাঁদের পাশে দাঁড়ানোর জন্য কসবার একটি শপিং মলে আয়োজন করা হয় এক বিশেষ প্রদর্শনীর। এর উদ্যোগ গ্রহণ করেছিল রাজ্য নগরোন্নয়ন সংস্থা (সুডা)। গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী চলে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, দুর্গোৎসবে জেলাভিত্তিক বিভিন্ন পুর এলাকায় এই স্ব-নির্ভর গোষ্ঠীর তৈরি জিনিসপত্র বিক্রির বন্দোবস্ত করা হবে।

