ছোট শিল্পে আর্থিক সুবিধা ও উৎসাহ দিতে পোর্টাল রাজ্যে

Small Industry-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ছোট শিল্পকে আর্থিক সুবিধা দিতে পোর্টাল আনতে চলেছে রাজ্য। সূত্রের খবর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি যাতে সরকারের থেকে আর্থিক সুবিধা বা ইনসেন্টিভ পেতে পারে, তার জন্য চলতি মাসেই একটি পোর্টাল আনতে উদ্যোগী রাজ্য সরকার। জানা গিয়েছে, ওই পোর্টালের মাধ্যমে বিভিন্ন সংস্থা আবেদন জানাতে পারবে। পাশাপাশি আবেদনের ভিত্তিতে প্রসেসিংয়ের কাজও চলবে। উল্লেখ্য, ভারত চেম্বার অব কমার্স আয়োজিত এক অনলাইন আলোচনাসভায় বিষয়টি জানিয়েছেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে।

এ বিষয়ে তাঁর বক্তব্য, ছোট শিল্পকে উৎসাহ দিতে রাজ্য সরকারের ইনসেন্টিভ স্কিম ছিল, তা ২০১৮ সালের মার্চ মাসে শেষ হয়ে যায়। নতুন করে যাতে ছোট শিল্প উৎসাহ পায়, তার জন্য আনা হয়েছে বাংলাশ্রী প্রকল্প। এক্ষেত্রে তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পের সুবিধা হল– আগে যেখানে শুধুমাত্র নতুন কারখানা তৈরি করলেই আর্থিক সুবিধা দিত রাজ্য সরকার, এখন থেকে তা নতুন কোনও যন্ত্র কিনলে ও স্থাপন করলেও পাওয়া যাবে। আবার বস্ত্রশিল্পের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের প্রধান সচিব আরও জানালেন, ইনসেন্টিভ স্কিমের অধীনে গত বছর বিভিন্ন শিল্প সংস্থাকে ১০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবছর আর্থিক অসুবিধার কারণে এই কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে রাজ্য সরকার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। নির্দিষ্ট সময়সীমা বেঁধে সেই টাকা শিল্প সংস্থাগুলিকে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *