ক্ষুদ্র শিল্পকে চাঙ্গা করতে বেসরকারি ঋণে জোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর্মসংস্থান বাড়ানোর প্রয়োজনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ঋণের প্রয়োজন ব্যাঙ্ক-সহ অন্যান্য ঋণদাতাদের পক্ষে তা মেটানো এখনও সম্ভব হয়নি। তাই যাতে আরও বেশি বেসরকারি ঋণ পাওয়া যায়, সরকার সেই ব্যবস্থা করার কথাই ভাবছে বলে বণিকসভার এক অনুষ্ঠানে জানালেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ওই সব সংস্থার ঋণের প্রয়োজন এবং তা পাওয়ার মধ্যে তফাৎ প্রায় ২৫ লক্ষ কোটি টাকা।
ভারতে জিডিপি-র পরিপ্রেক্ষিতে বেসরকারি ঋণ বাড়ানোর পরিকাঠামো তৈরি করবে বলে জানা গিয়েছে। লকডাউনে বিপর্যস্ত ছোট শিল্পকে ঋণ দিতে প্রকল্প এনেছে সরকার। জানা গিয়েছে, দ্বিতীয় দফায় ৪ ডিসেম্বর পর্যন্ত ৪০ লক্ষ সংস্থা প্রায় ১.৫৮ লক্ষ কোটি টাকা ঋণ পেয়েছে। কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার অভিযোগ করে জানিয়েছেন, অনেক ব্যাঙ্ক ১৪ থেকে ১৫ শতাংশ সুদ নিচ্ছে। তাঁর বক্তব্য, স্থায়ী আমানত বা অন্য সম্পদ বন্ধক রাখার কথাও বলছে অনেকে। সুতরাং ঋণ পেতে সমস্যা দেখা দিয়েছে।

