স্মার্টফোনে অধিক আসক্তি, ফল কি জানেন ?
স্মার্টফোনে আসক্তি বাড়ছে। সাবধান ! অবসাদের লক্ষণ দেখা দিতে পারে। আধুনিক এই যুগে হাতে হাতেই স্মার্টফোন। বিপদ আন্দাজ করেই সাবধান করছেন গবেষকরা। এক্ষেত্রে জীবনের ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সমীক্ষা। আমেরিকান গবেষকদের একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে,অত্যধিক পরিমাণে স্মার্টফোনের ব্যবহার ও হতাশার মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। এই সমস্যা বয়ঃসন্ধিকালে বেশি করে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নিরন্তর গবেষণা চালাচ্ছেন আরিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্লেষণ অনুযায়ী গবেষকরা জানিয়েছেন,যতবেশি স্মার্টফোনের ওপর আসক্তি বাড়ে,ততই মানুষ একাকীত্বে ভুগতে থাকে। অতিরিক্ত পরিমাণে স্মার্টফোনের ব্যবহার মানেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। পাশাপাশি মানসিক স্বস্তি হ্রাস পেতে থাকে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করে বিশিষ্ট গবেষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন,যে যত বেশি স্মার্টফোনের ওপর আসক্তিতে থাকে সে ততবেশি একাকীত্বে ভোগে এবং হতাশার শিকার হন। বেশ কিছু লক্ষণও প্রকাশ পেয়ে থাকে। মনটাকে অন্যদিকে ঘোরানোর ইচ্ছাটাও কমতে থাকে। স্মার্টফোনই চূড়ান্ত হতাশার কারণ হয়ে দাঁড়ায়। ফোন কাছে না পেলেই মনের মধ্যে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়। অবসাদও বাড়তে থাকে। এই প্রবণতা কমানোর জন্য নিকট বন্ধুর সঙ্গে গল্প করা,ব্যায়াম-প্রাণায়াম করা,ভালো বই পড়া সহ অন্য কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারলে সুফল মেলে।

