দেশের প্রথম সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ উদ্বোধন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাজারে এল “স্বদেশি” সোশ্যাল মিডিয়া অ্যাপ। চিনের বিরুদ্ধে কার্যত “ডিজিটাল স্ট্রাইক” এনে ৫৯টি অ্যাপকে নিষিদ্ধ করে ভারত। এসবের বিকল্প হিসেবে লাদাখে সেনার মনোবল বাড়ানোর পাশাপাশি অ্যাপের দিক থেকেও “আত্মনির্ভর” হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ভারতীয় তথ্য-প্রযুক্তি ও স্টার্ট-আপ সংস্থাগুলিকে “অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ” ছুঁড়ে দিয়েছেন। তারই সূচনা করলেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, ২৪ ঘন্টার মধ্যে পুরোপুরি “স্বদেশি” একটি অ্যাপও চালু হল ভারতে। প্রসঙ্গত, দেশের প্রথম সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু। যার নাম “অ্যালিমেন্টস”। এক্ষেত্রে নির্মাতারা দাবি করেছেন, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার সঙ্গে পাল্লা দেবে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি। জানা গিয়েছে, অ্যাপটি তৈরি করেছেন ১ হাজারেরও বেশি পেশাদার প্রযুক্তিবিদ। তাঁরা শ্রী শ্রী রবিশঙ্করের আর্ট অব লিভিং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক। পাশাপাশি ৮টি ভারতীয় ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে বলেও জানা গিয়েছে। লকডাউন আবহে দেশীয় পণ্য ব্যবহারে করে “আত্মনির্ভর ভারত” গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিনের সঙ্গে সংঘাতের রেশ ধরেই তিনি “মেড ইন ইন্ডিয়া অ্যাপস” তৈরির চ্যালেঞ্জের সূচনা করলেন। ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতীয় তথ্য-প্রযুক্তি ও স্টার্ট-আপ সংস্থাগুলিকে উৎসাহ দিতে অটল ইনোভেশন মিশনের অধীনে আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জের সূচনা করেছে বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক।

