দক্ষিণ ২৪ পরগনার ৪ শিক্ষক এবার শিক্ষারত্ন সম্মান পাবেন

Basanti High School

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে এবার শিক্ষারত্ন পাচ্ছেন ৪ জন শিক্ষক। সূত্রের খবর, স্কুল শিক্ষা দপ্তরের প্রকাশিত চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ওই শিক্ষকরা। জানা গিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই ৪ জনকে সম্মান জানানো হবে। অন্যদিকে জেলার মধ্য থেকে সেরা স্কুলের শিরোপা পাচ্ছে সারদা বিদ্যাপীঠ হাইস্কুল। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার কারণে এই স্কুলকে এবার এই সম্মান প্রদান করা হবে। স্থানীয় সূত্রের খবর, যে ৪ শিক্ষক সম্মান পাচ্ছেন তাঁদের মধ্যে ২ জন মাধ্যমিক, ১ জন উচ্চমাধ্যমিক ও বাকি ২ জন প্রাথমিক স্কুলের শিক্ষক। আরও জানা গিয়েছে, ৪ জনের মধ্যে ৩ জনই প্রধান শিক্ষক ও ১ জন সহকারী শিক্ষক। ফলতার খান ডালিয়া হাইস্কুল, বাসন্তী হাইস্কুল, ঝড়খালি উপকূল থানার নীলকণ্ঠপুর এফপি স্কুল ও রায়দিঘি থানার গিরিবালা আদর্শ এফপি স্কুলের ৪ জন শিক্ষক পাবেন এই শিক্ষারত্ন সম্মান। সরকারিভাবে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির জন্য এবার সবাইকে রবীন্দ্র সদনের মূল অনুষ্ঠানে আনা সম্ভব হচ্ছে না। তবে বেশিরভাগ জেলাতেই জেলাশাসকের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *