election and kolkataBreaking News Others Politics 

জোরকদমে কলকাতা পুরভোট প্রক্রিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতার পুরভোট। তারই তৎপরতা ও প্রক্রিয়া চলেছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট গ্রহণ পর্ব চলবে ১৯ ডিসেম্বর। ভোট গ্রহণের সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত। ভোট গণনা ২১ ডিসেম্বর। কলকাতার মোট ওয়ার্ড ১৪৪টি। মোট বুথ সংখ্যা ৪৭৪২টি। মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর। তা প্রত্যাহার করার শেষ দিন ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ২ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে একদফায়। পুননির্বাচন হলে তা হবে ২০ ডিসেম্বর। করোনা বিধি মেনে প্রচার পর্ব চলবে বলে জানানো হয়েছে।

কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রের খবর,প্রার্থী তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন প্রশান্ত কিশোর। পাশাপাশি এবারের প্রার্থী তালিকায় স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের জায়গা দেওয়া হবে। বাদ পড়ার সম্ভাবনা রয়েছে অনেকের। নতুন বেশ কিছু প্রার্থীর নাম সংযোজন হতে পারে । প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক ডাকা হয়েছে। তৃণমূলের দলীয় সূত্রে আরও জানা গিয়েছে,একই পরিবারের একাধিক প্রার্থী থাকবে না। এছাড়া সংরক্ষিত আসনের জন্য অনেক প্রার্থীর আসন পরিবর্তনও হতে পারে।

অন্যদিকে বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি-র প্রার্থী তালিকায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব থাকার সম্ভাবনা রয়েছে। মহিলা প্রার্থীদের গুরুত্ব দেওয়া হবে এই নির্বাচনে। পাশাপাশি বামেদের প্রার্থী তালিকা ঘোষণার ইঙ্গিত রয়েছে। কংগ্রেস ও বামেদের জোটের বিষয় জেলা নেতৃত্বকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা নেতৃত্ব,জানিয়েছেন বিমান বসু। কলকাতা পুরভোটের দিন ঘোষণার পরই কংগ্রেসের প্রচার দেখা গিয়েছে। দেওয়াল লিখনে দেখা গিয়েছে কংগ্রেসের সন্তোষ পাঠকদের। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে,কলকাতার পুরভোট নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শীর্ষ নেতৃত্ব বৈঠকে । জোরকদমে চলেছে কলকাতা পুরভোট প্রক্রিয়া।

Related posts

Leave a Comment