প্রয়াত হলেন সৈয়দ শাহিদ হাকিম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন প্রাক্তন ফুটবল অলিম্পিয়ান ও কোচ এবং ফিফা রেফারি সৈয়দ শাহিদ হাকিম (৮২)। ভারতের কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের পুত্র হাকিম ক্রীড়ামহলে পরিচিত ছিলেন হাকিম সাহেব নামে। ১৯৬০ সালে রোম অলিম্পিক্সে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন এই প্রাক্তন ফুটবলার। উল্লেখ করা যায়, দীর্ঘ ৫ দশক ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
খেলা ছাড়ার পর ফুটবল প্রশিক্ষণও দিয়েছেন প্রয়াত এই খেলোয়াড়। ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলে কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের সহকারী ছিলেন তিনি। পরবর্তী সময়ে ভারতীয় ফুটবল দলের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন। তাঁর মৃত্যুর খবরে ফুটবল ও ক্রীড়ামহলে শোকের ছায়া।

