করোনা-বিধি মেনেই এবার টেট পরীক্ষা

Tet Students

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অবশেষে হতে চলেছে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)। উল্লেখ্য, ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশের ৩ বছর পর সম্প্রতি এই পরীক্ষায় একাধিক বিধিনিষেধও জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, প্রায় ১৫০ নম্বরের এই পরীক্ষা শুরু হবে বেলা ১টায়। যা চলবে সাড়ে ৩টে পর্যন্ত।

পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন মোবাইল-সহ কেউ ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হবে। পরীক্ষা কেন্দ্রে ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। এমনকী যাঁরা পরীক্ষার গার্ড দেবেন বা পরীক্ষা কেন্দ্রের আধিকারিকদেরও মোবাইল বন্ধ করে রাখতে হবে। প্রতিটি পরীক্ষার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক। শুধু কালো কালির বল পয়েন্ট পেনই ব্যবহার করতে পারবেন।

পর্ষদ সূত্রে আরও খবর, করোনা আবহের মধ্যেই রাজ্য জুড়ে আনুমানিক ১ হাজার কেন্দ্রে ২.৫০ লক্ষের মতো পরীক্ষার্থী এই টেট দিচ্ছেন। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, এত সংখ্যক পরীক্ষার্থী করোনা আবহের মধ্যে কতটা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া যাবে তা নিয়ে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলির যথাযথ স্যানিটাইজেশনের কাজ হয়েছে। পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত স্যানিটাইজার থাকবে। এক-একটি পরীক্ষা কেন্দ্রে সর্বাধিক যত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন তার অর্ধেক সংখ্যক পরীক্ষার্থী রাখা হয়েছে। দূরত্ব-বিধি মেনে প্রতি বেঞ্চে সর্বাধিক দু-জন পরীক্ষার্থী বসার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের তাপমাত্রা মাপার জন্য থার্মাল চেকিং থাকবে। কোনও পরীক্ষার্থীর শরীরের তাপমাত্রা বেশি হলে আলাদা আইসোলেশন রুমে পরীক্ষা দেওয়া ব্যবস্থাও রয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে যাতে সহজে পরীক্ষার্থীরা পৌঁছে যেতে পারেন তাই রেল স্টেশন, জাতীয় সড়ক ও রাজ্য সড়কের কাছে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে বলেও পর্ষদ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *