সুন্দরবনের পর্যটন ক্ষেত্রগুলি বন্ধ থাকায় অনটনে স্থানীয় ব্যবসায়ীরা

sundarban and businessman

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে বন্ধ সুন্দরবনের পর্যটন ক্ষেত্রগুলি। স্থানীয় সূত্রের খবর, ঝড়খালি পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষ। উল্লেখ করা যায়, গতবছর করোনার আবহে লকডাউন থাকায় বন্ধ ছিল সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি। ভ্রমণ বিলাসী মানুষজন সুন্দরবন ভ্রমণ করতে না আসায় পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ক্ষতির মুখোমুখি হন। পরবর্তীতে আনলক পর্ব শুরু হওয়ার পর কিছুদিনের জন্য সুন্দরবনের পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়। তবে পর্যটকদের আনাগোনা সেভাবে হয়নি।

তবে স্বল্প ব্যবসাতেও খুশি ছিল বিভিন্ন পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এ বছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিপত্তি বাড়ে। প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিধিনিষেধ আরোপ করা হয়। এক্ষেত্রে পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়। প্রশাসনিক ভাবে কিছু বিধি-নিষেধের ওপরে ছাড় দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র সরকারি বিধি-নিষেধ মেনে খোলার নির্দেশ দেওয়া হয়। সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলি সেই নির্দেশ পাইনি বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের আরও খবর,সুন্দরবনের ঝড়খালি পর্যটন কেন্দ্রে দোকানদাররা করোনা আবহে আর্থিক সংকটে ভুগছেন। সরকারি নির্দেশিকা না আসায় সমস্যা তৈরি হয়েছে। পর্যটকরা না আসায় সুন্দরবনে দোকান বন্ধ থাকার কারণে দোকানের থাকা জিনিসপত্রও নষ্ট হচ্ছে। এই অবস্থায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে তাঁরা প্রশাসনের কাছে আবেদন করেছেন সরকারি বিধি-নিষেধ মেনে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *