দিঘা মোহনার মাছ বাজারের বিধ্বংসী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গভীর রাতেই আচমকাই আগুন। আর তার জেরে ভস্মীভূত দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্র সহ বাজারের একাধিক দোকান। জানা গিয়েছে, হঠাৎ আগুন লাগার ঘটনায় মাঝ রাতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভাতে দমকল বাহিনীর সাথে স্থানীয় মানুষজনও কাজ শুরু করে। স্থানীয় মানুষজন এবং দমকলের ২ ইঞ্জিনের ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। দমকল বাহিনীর প্রাথমিক অনুমানে জানা গিয়েছে, কোনও একটি দোকানে শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯টি দোকান প্রায় ভস্মীভূত হয়েছে। সঙ্গে মজুত থাকা বড় অঙ্কের ইলিশ মাছও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইলিশ মরশুমে এমনিতেই ইলিশের অভাবে মাথায় হাত দিঘা মোহনার মৎস্যজীবী ও ব্যবসায়ীদের। তার ওপর আচমকা গভীর রাতে মোহনা মাছ বাজারের অগ্নিকান্ডে কার্যত ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। সূত্রের আরও খবর, এদিন বিধ্বংসী আগুনে দিঘা মোহনার মৎস্য নীলাম কেন্দ্র সহ এলাকার আরও ১৯টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।

