ত্রিপুরার উপনির্বাচন: রাজনৈতিক সমীকরণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কংগ্রেসের ত্রিপুরা পুর ভোটের ফল সন্তোষজনক নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শতাংশের হিসাবে দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি জাতীয় কংগ্রেস। তবে ত্রিপুরায় বর্তমান রাজনৈতিক আবহে উপনির্বাচনে আবারও প্রাসঙ্গিক কংগ্রেস। এর অন্যতম কারণ- আগরতলা বিধানসভা আসন থেকে লড়াইয়ে নেমেছেন সুদীপ রায় বর্মন। একসময় বিজেপি-র ছত্রছায়ায় ছিলেন। ফের কংগ্রেসে ফিরেছেন। ফলে ত্রিপুরায় কংগ্রেস অনেকটাই জমি উদ্ধার করতে সক্ষম। এই মুহূর্তে কংগ্রেস বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
ত্রিপুরার রাজনীতিতে নয়া সমীকরণ দেখা যাচ্ছে। নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। সদ্য বিজেপি ছেড়ে আসা সুদীপ-সঙ্গী হয়েছেন আশিস সাহা। তাঁর সঙ্গে উপনির্বাচনে সম্মুখ সমরে নেমেছেন নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা। ৪ কেন্দ্রের উপনির্বাচনে ২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। আগরতলা থেকে প্রার্থী হয়েছেন সুদীপ রায় বর্মন। বরদোয়ালি টাউন থেকে প্রার্থী হয়েছেন আশিস সাহা। বরদোয়ালি থেকে নির্বাচনী যুদ্ধে নেমেছেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে আগরতলায় বিজেপি-র প্রার্থী দলের রাজ্য সহ সভাপতি ডাঃ অশোক সিনহা।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত,এবার নিবার্চনী প্রচারে আইপিএফটি-র অস্তিত্ব হ্রাস। আইপিএফটির দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে। এই আবহে প্রদ্যোত কিশোর দেববর্মনের নতুন দল টিপ্রামথা জনজাতি ভোটে ভাগ বসাবে বলে মনে করা হচ্ছে । আন্দাজ করা হচ্ছে,এই দলের সমর্থনেই রয়েছে ত্রিপুরার জনজাতি ভোটের সিংহভাগ। ত্রিপুরার ভোট সমীকরণ অনুযায়ী, জনজাতি ভোট কংগ্রেসের দিকে ঢলে পড়লে বিজেপি-র পক্ষে বেশ মুশকিল হবে। কংগ্রেস ফের প্রাসঙ্গিক হওয়াতে অনেক হিসাব বদলে যেতে পারে ত্রিপুরার রাজনীতিতে।
উল্লেখ করা যায়, আগরতলা বিধানসভা কেন্দ্রে সুদীপ বর্মনের ব্যক্তিগত জনভিত্তি অনেকটাই বেশি । সুতরাং তাঁর বিরুদ্ধে বড় নামের প্রার্থী দাঁড়ানোর ব্যাপারে সহমত হয় বিজেপি। ২৬ জুন উপনির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সমীকরণ কি দাঁড়ায়, তার দিকে তাকিয়ে রাজনৈতিক বোদ্ধারা। ইতিমধ্যে ব্যর্থতা ঢাকার জন্য ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল হয়েছে বলে প্রচারে গুঞ্জন। তৃণমূল কংগ্রেসও সামিল প্রচারে। বিজেপির দুই চিকিৎসক প্রার্থীকে কটাক্ষ করতেও শোনা গিয়েছে।
ত্রিপুরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে মোট ২৭ জন তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘ সেই তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়,সৌগত রায়, ফিরহাদ হাকিম, শত্রুঘ্ন সিনহা, সুস্মিতা দেব, দেব, মিমি ও সায়নী ঘোষ প্রমুখরা। আগরতলা ও বরদোয়ালি দুই কেন্দ্রেই রোড শো করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো শুরু হয় বরদোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে ৷ রোড শো শেষ হয় আগরতলা জি বি বাজারের কাছে।
রাজ্যে হারানো জমি উদ্ধারে মরিয়া বাম-শিবিরও। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও প্রচারে রয়েছেন। তাঁকে বাড়ি বাড়ি ঘুরতেও দেখা গিয়েছে। মানুষের সমর্থন নিয়ে আবারও রাজ্যে জনভিত্তি গড়তে চাইছে বামেরা। লক্ষ্য- আগত বিধানসভা নির্বাচন। সব মিলিয়ে উপ-নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তি যাচাই করে নিতে চাইছে সব পক্ষই।

