ভিটামিন-ডি এর অভাব করোনার সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ স্পেনের চিকিৎসক দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ভিটামিন ডি- এর এভাবে করোনার সংক্রমণ বেড়েছে। এন্ডোক্রাইন সোসাইটির জার্নাল অফ ক্লিনিকাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২০০ জন করোনা আক্রান্তের মধ্যে ৮০ শতাংশের ভিটামিন ডি-এর ঘাটতিই মূল সংকটের কারণ। স্পেনের একটি হাসপাতালে কোভিড ১৯ আক্রান্ত রোগীদের উপর এই গবেষণা চালানো হয়েছিল। গবেষণার সাথে যুক্ত ব্যক্তিরা স্পষ্ট করেই বলেছিলেন যে, হাসপাতালের অন্যান্য রোগীরাও এই সংক্রামক রোগে ভুগছেন, তাই এই পরীক্ষাটি হাসপাতালের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত।
গবেষকরা দেখেছেন যে, ভিটামিন ডি-এর ঘাটতি তাঁদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যাঁদের বয়েস হয়েছে এবং একইসঙ্গে কোমরবিডিটিও রয়েছে। এই হরমোনটি আমাদের দেহের ভিতরে কিডনি থেকে নিঃসৃত হয়ে থাকে। যা রক্তে ক্যালসিয়ামের সঠিক পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ভিটামিন ডি-এর অভাব হাড়কে দুর্বল করে, পাশাপাশি রক্তে ক্যালসিয়ামের ঘনত্বকে হ্রাস করে, ফলস্বরূপ শরীরের প্রতিরোধ ব্যবস্থা ঝুঁকির মুখে পরে। এ কারণে যাঁদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা গিয়েছে স্পেনের এই হাসপাতালে, সেই সমস্ত রোগীর ক্ষেত্রেই এই সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। বাকী ২০ শতাংশ রোগী, যাঁদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি রয়েছে, তাঁদের কোভিড ১৯ দ্বারা আক্রান্ত হলেও, তেমন উদ্বেগের কারণ ছিল না।
এই প্রসঙ্গে, গবেষকরা লকডাউন পর্বের দিকে ইঙ্গিত করেছেন। তাঁরা বলেন যে, সূর্যের আলো এই ভিটামিনের প্রাকৃতিক উৎস। লকডাউনের সময় অনেক লোককে বাড়িতে কাটাতে হয়েছিল, তাই ভিটামিনের এই ঘাটতি দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই। অন্যদিকে, যাঁরা ইতিমধ্যে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বিছানায় কাটাচ্ছেন, তাঁদের জন্য সূর্যের আলোর সংস্পর্শে আসা অবান্তর। সব মিলিয়ে সচেতন হওয়াটাই ভাল। যদি মনে হয়, কীভাবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।

