কাল “হাইভোল্টেজ” ভোট ভবানীপুরে

vote and bhawanipur 2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “হাইভোল্টেজ” ভোট। আগামীকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রয়েছে জোর তৎপরতা । প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী রয়েছেন শ্রীজীব বিশ্বাস। অন্যান্য নির্দল প্রার্থীরাও রয়েছেন। এই আসনটিতে মোট ২৮৭টি বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯টি । করোনা আবহের জন্য বিবেচনা করে তৈরি করা হয়েছে ১৮টা অক্সিলিয়ারি বুথ। ভবানীপুর কেন্দ্র ছাড়াও উপনির্বাচন হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে । অন্যদিকে শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার।

সূত্রের আরও খবর,ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার তুলে দেওয়া হচ্ছে । আবার বর্ষার কথা বিবেচনা করে বুথ পিছু দেওয়া হচ্ছে রেনকোট। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই হচ্ছে এই উপনির্বাচন। যুদ্ধকালীন প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন নিয়ে এলাকা সরগরম থাকলেওকঠোর নিরাপত্তা বলয় রয়েছে। দুর্যোগের কারণে বেশ কয়েক দফা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে জানা যায়,ইভিএম মেশিনকে নিরাপদ রাখার জন্য ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগ দেওয়া হচ্ছে । জলের হাত থেকে ইভিএম মেশিন সুরক্ষা দেওয়ার ব্যবস্থা সহ ভোট কর্মীদের জন্য দেওয়া হচ্ছে রেনকোট। আবার প্রত্যেকটি বুথে সেডের ব্যবস্থা করা হচ্ছে বৃষ্টির জন্য। এছাড়া ভোট কর্মীদের যাবতীয় সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখছে কমিশন।

পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট দুটি বোটের ব্যবস্থাও রাখছে এই উপনির্বাচনে। নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে । গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা লাগু হয়েছে। ৫ জনের বেশি জড়ো হওয়া যাবে না। বাজি বা বিস্ফোরক সামগ্রী বহন করা যাবে না। বুথে ভোটাররা কীভাবে ভোট দিচ্ছেন এবং কত শতাংশ ভোট হচ্ছে, তার সবটাই দিল্লিতে বসে নজরদারি চালাতে পারবেন কমিশন কর্তারা।

এক্ষেত্রে আরও জানা যায়,ভবানীপুর কেন্দ্রের যে জায়গাগুলিতে জল জমে থাকে, সেই সব জায়গাগুলি নির্বাচন কমিশনের প্রতিনিধি ও কেএমসি-র পক্ষ থেকে যৌথ পরিদর্শন করা হয়েছে। সেখানে পাম্প থাকবে দ্রুত জল বের করার জন্য। ইলেকট্রিক সংক্রান্ত কোনও সমস্যা যাতে না হয় তার জন্য সিএসসি-কেও নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। কাল ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নে শেষ হলেই ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক-পর্যবেক্ষক ও আম-আদমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *