রাজ্য মন্ত্রিসভার রদবদল পরশু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা জোরালো হয় ৷ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন,আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল হবে ৷ মন্ত্রিসভার ৪-৫ জন সদস্যকে বাদ দিয়ে ৫-৬ জন নতুন মুখকে জায়গা দেওয়া হবে বলেও ইঙ্গিত মিলেছে ৷ তবে কারা মন্ত্রিসভা থেকে বাদ যাবেন বা কারা অন্তর্ভুক্ত হবেন, সে বিষয় স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।
অন্যদিকে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে ৭টি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয় ৷ বৈঠকে নাম না করেই মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী ৷ এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “দলকেও অসম্মান করবেন না, সরকারকেও অসম্মান করবেন না ৷” মুখ্যমন্ত্রী এ বিষয়ে আরও জানিয়েছেন, ৪-৫ জনকে আমরা মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের কাজে ব্যবহার করব ৷ নতুন ৫-৬ জনকে সেই জায়গায় নিয়ে আসা হবে ৷
এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন তা নিয়ে ইতিমধ্যে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মত, তরুণ মুখ ও স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে,এমন নেতাদেরই মন্ত্রিসভায় আনা হতে পারে ৷ আবার কারা মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন তা নিয়েও জোর চর্চা চলেছে। (ছবি: সংগৃহীত)

