রাজ্য বাজেট -২০২২ পেশ অর্থমন্ত্রী চন্দ্রিমার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের অর্থনীতির টালমাটাল অবস্থা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহ। বিশ্ব অর্থনীতির হাল নিয়েও প্রশ্ন দেশের অর্থনীতিবিদদের একাংশের মধ্যে। এই অবস্থার মধ্যে আজ পশ্চিমবঙ্গে রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করলেন তিনি।
কর্মসংস্থানমুখী শিল্পায়নে গুরুত্ব রাজ্য বাজেটে। সামাজিক প্রকল্প বজায় রাখা এবং শিল্প বিকাশ ঘটানো সহ একাধিক বিষয়ে নজর। পরিকাঠামো উন্নয়নে বাড়তি গুরুত্ব বাজেটে। অন্যদিকে বাজেট পেশে তুমুল হট্টগোল হল। অর্থমন্ত্রীর বাজেট ভাষণ চলাকালীন বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের।
২০২৪ সালের মধ্যে রাজ্যের সর্বত্র পানীয় জল পৌঁছে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চা বাগানে কৃষি আয়ের উপর কর মকুব করা হচ্ছে। পাশাপাশি এবারের বাজেটে ১২.৮২ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হয় বাজেটে। এক্ষেত্রে ৫ বছরের সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে। ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটির রাজ্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, কৃষি ও পরিকাঠামো ক্ষেত্রে দ্বিগুণ বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষায় ২৫.২ গুণ ও স্বাস্থ্য ক্ষেত্রে ১৯.৪ গুণ বরাদ্দ বেড়েছে। ৭০ লক্ষ কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। (ছবি: সংগৃহীত)

