যশবন্ত সিনহা যোগ দিলেন তৃণমূলে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অটল বিহারী বাজপেয়ী জমানার গুরুত্বপূর্ণ মন্ত্রী যশবন্ত সিনহা এবার তৃণমূলে যোগ দিলেন। সূত্রের খবর,তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তৃণমূল ভবনে এসে দলে যোগ দিয়েছেন তিনি। এদিন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান ও সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন।
যশবন্ত সিনহার তৃণমূলে যোগদান প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি তৃণমূলের পথ প্রদর্শক হবেন। উল্লেখ করা যায়,এবার বাংলায় বিধানসভা নির্বাচনের আগে দলবদল একটি বিরাট ভূমিকা নিছে। তৃণমূল থেকে অনেক নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। আবার বিজেপি থেকেও যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। এই আবহে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর যোগদান, রীতিমতো চমক বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
সূত্রের আরও খবর,তৃণমূল ভবনে যশবন্ত সিনহাকে স্বাগত জানাতে ইচ্ছা প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে যোগদানের পূর্বে তাঁদের মধ্যে কথা-বার্তা হয়েছে বলে জানান সুব্রত মুখোপাধ্যায়।
প্রসঙ্গত,বাজপেয়ী জমানায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা।
একসময় গেরুয়া শিবিরের অত্যন্ত পরিচিত মুখও ছিলেন তিনি । উল্লেখ করা যায়,২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় যশবন্ত সিনহার । এরপর ২০১৮ সালে তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করেন । আজ তৃণমূলে যোগ দিলেন যশবন্ত।

