একসঙ্গে অভিনয় করলেই যে প্রেম করতে হবে এমন কোনো কথা নেই! আদৃতর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা

টেলিপাড়ায় আদৃত কৌশাম্বির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। ‘দিদিয়া’ নন্দার সঙ্গে উচ্চেবাবুর প্রেম এখন টেলিপাড়ার ওপেন সিক্রেট। আদৃতও সম্পর্কে থাকার কথা স্বীকার করেছেন, যদিও প্রেমিকার নাম প্রকাশ করেননি। ‘বেস্ট ফ্রেন্ড’ কৌশাম্বির সঙ্গে তার ঘনিষ্ঠতা কারো অজানা নয়।অথচ এক সময় আদৃত-সৌমিতৃষার সম্পর্ক নিয়েও বেশ আলোচনা হয়েছিল। অনস্ক্রিন নায়কের প্রতি সৌমিতৃষার দুর্বলতা, এমন খবরও রটেছিল। কথিত আছে, কৌশাম্বির সঙ্গে আদৃতের সম্পর্কের পর সৌমিতৃষার সঙ্গে তার বন্ধুত্বে চিড় ধরে। শটের বাইরে দুজনের কথাবার্তা বন্ধ, এমনকি অনস্ক্রিন হিট জুটি বাস্তবে একে অপরকে সহ্য করতে পারে না, এমন কানাঘুষোও শোনা যায়। ‘মিঠাই’ ভক্তদের একাংশ চায় বাস্তবেও প্রেম করুক আদৃত-সৌমিতৃষা।

এই প্রেমের গুঞ্জন নিয়ে সৌমিতৃষা বলেন, “এক সময় আমি ভাবতাম শাহরুখ-কাজল বর-বউ। ওঁদের বিয়ে অন্য কারুর সঙ্গে হতে পারে না। আসলে জুটি হিট হলে দর্শকদের মনে এমন ভাবনা জন্মায়। সেই ভাবনায় আমার নিয়ন্ত্রণ নেই, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি, প্রেম নয়”।তিনি আরও বলেন, “আর ধারাবাহিকের নায়কের প্রেম যে নায়িকার সঙ্গেই হবে, এমনটাও নয়। অন্য কোনও সহ-অভিনেত্রীর সঙ্গেও হতে পারে”। তবে কি আদৃত-কৌশাম্বির প্রেমের দিকেই ইশারা মিঠাইরানির? খোলসা করেননি তিনি।

সৌমিতৃষা আফসোসের সুরে বলেন, “প্রতিবার আদৃতের প্রেমের মধ্যে আমাকে যেভাবে জড়ানো হয়েছে, খারাপ লেগেছে। খুব কষ্ট পেয়েছি”। প্রেম করলে নিজে জোর গলায় সে কথা সকলকে জানাবেন স্পষ্ট বলেন ‘মিঠাই’। আদৃতের সঙ্গে ঝামেলার কথাও স্বীকার করেন, তবে জানান, সেই ঝগড়া নিতান্তই কাজ সংক্রান্ত, এবং সেটা মিটেও গেছে। প্রেমের কারণে আদৃতের সঙ্গে কোনওদিনই ঝগড়া হয়নি তাঁর অকপটে বললেন মিঠাইরানি। পাশাপাশি তাঁর দাবি, ভবিষ্যতেও ‘বন্ধু’ আদৃতের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।বর্তমানে পিঠের চোটের জেরে শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন ‘মিঠাই’। দিন দশেক পর সেটে ফিরবেন। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ‘মিঠাই’-এর শ্যুটিং হওয়ার কথা। শেষ কয়েকটা দিন সৌমিতৃষা নিজের অভিনয়ের বিশেষ দিক গুলি উজাড় করে দিতে চান।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *