বন্দে ভারত মিশন প্রকল্পের চতুর্থ পর্বের সূচনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এয়ার ইন্ডিয়া বন্দে ভারত মিশন প্রকল্পের চতুর্থ পর্ব শুরু করতে চলেছে। সূত্রের খবর, এই পর্যায়ে ৩ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ১৭টি দেশে ১৭০টি উড়ান চালানো হবে বলে জানা যায়। এয়ার ইন্ডিয়ার সূত্রের খবর, বন্দে ভারত মিশনের চতুর্থ পর্বের অধীনে কানাডা, আমেরিকা, ব্রিটেন, কেনিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, সৌদি আরব, বাংলাদেশ, তাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, মায়ানমার, জাপান এবং ভিয়েতনাম-সহ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের উড়ান সংযোগ স্থাপন করবে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি ভারত ও ব্রিটেনের মধ্যে চালানো হবে ৩৮টি উড়ান। আবার ভারত-আমেরিকায় চলবে ৩২টি উড়ান। ভারত ও সৌদি আরবের মধ্যে ২৬টি বিমান চালাবে জাতীয় উড়ান সংস্থাটি। উল্লেখ্য, করোনার আবহে বিভিন্ন দেশে আটকে পড়া মানুষজনকে গন্তব্যে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার গত ৬ মে বন্দে ভারত মিশন প্রকল্পটি চালু করেছিল।

