পর্দার মতোই বাস্তবেও কি প্রেম খুঁজে পেয়েছেন সৌমিতৃষা? কী জানালেন অভিনেত্রী?
সাত বছর আগে শুরু হয়েছিল সৌমিতৃষা কুণ্ডুর অভিনয় জীবন। ‘মিঠাই’ চরিত্রের মাধ্যমে টেলিভিশনের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এবার বড়পর্দায় ‘রুমি’ নামে পরিচিত এই অভিনেত্রী। দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয় করে বক্স অফিসে সাফল্য পেয়েছেন।ছবিতে রোম্যান্স দেখে অনেকেই মনে করছেন, বাস্তবেও হয়তো সৌমিতৃষা নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন। কিন্তু অভিনেত্রী নিজেই স্পষ্ট করে বলেছেন, এখনও তিনি এমন কাউকে খুঁজে পাননি, যাঁকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারেন।
সৌমিতৃষার কথায়, এই মুহূর্তে তাঁর কেরিয়ার তৈরির সময়। আপাতত কেরিয়ারেই মন দিতে চান তিনি। জীবনে এখন আর কোনও ভালোলাগা তাঁর নেই। সাফ জানিয়েছেন, এই মুহূর্তে কোনও সম্পর্কে তিনি নেই, প্রেমও করছেন না। আর আপাতত প্রেমের বিষয়ে ভাবতেও চান না।এদিকে কেরিয়ারে বেশ সুন্দর জায়গায় রয়েছেন সৌমিতৃষা। শোনা যাচ্ছে, দেবের পরের ছবি ‘খাদান’এও নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। যদিও অভিনেত্রী নিজে এবিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
‘খাদান’ ছবিতে দেবের নায়িকা হবেন টেলিপর্দার ‘রিমলি’ তথা শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা পাল। আর তাঁদের সেই সফরের সঙ্গী হবেন সৌমিতৃষা। ছবিতে কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে দেবকে। ‘খাদান’ পরিচালনা করবেন সঞ্জয় রিনো দত্ত। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবি।

