আমেরিকার দাবানলের ধোঁয়া নিয়ে উদ্বেগ বেড়েছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকার দাবানলের ধোঁয়ায় ঢাকা পড়ছে ইউরোপের আকাশ। ওই দাবানলের ধোঁয়া আটলান্টিক মহাসাগর অতিক্রম করে চলে গিয়েছে ইউরোপে। এই অবস্থায় কালো ধোঁয়ায় ঢাকছে ইউরোপের আকাশ। উপগ্রহ ওই দাবানল ঘিরে এমন ছবি প্রকাশ্যে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আমেরিকার পশ্চিমাঞ্চলের জঙ্গলের দাবানলের ধোঁয়া প্রায় ৮ হাজার কিলোমিটার অতিক্রম করে গিয়েছে। ব্রিটেন-সহ উত্তর ইউরোপের দেশগুলিতে বর্তমানে এই অবস্থা দাঁড়িয়েছে। অন্যদিকে দাবানলের দূষণ নিয়ে আরও উদ্বেগজনক তথ্য সামনে এনেছে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস। এক্ষেত্রে ওই সংস্থার বক্তব্য, এই দাবানল থেকে ৩০৩ কোটি মেট্রিক টন কার্বন বাতাসে এসে মিশে যাচ্ছে। আবার সংস্থার গবেষকরা জানিয়েছেন, গত ১৮ বছরে এমন বিধ্বংসী দাবানল এর আগে দেখা যায়নি। পাশাপাশি উপগ্রহ চিত্রে ধোঁয়ার পুরুত্ব সাতের বেশি বলে আন্দাজ করা হয়েছে। দাবানলের প্রভাবে বড় অংশের অতিক্ষুদ্র কণা বাতাসে মিশেছে বলেও জানানো হয়েছে।

