Book Mela-1Others 

প্রথম বইমেলার স্বাদ দক্ষিণ কলকাতায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে প্রথমবার বইমেলার স্বাদ পেতে চলেছে দক্ষিণ কলকাতা। আগামী ২১ ফেব্রুয়ারি, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর ‘একুশে বই উৎসব’-এর সূত্রে এই মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তালতলার মাঠে এই আয়োজন। প্রিন্স আনোয়ার শাহ রোডের দিকে যোধপুর পার্কে এমন বইমেলা ঘিরে উৎসাহ। এই শহরের অনেকের জন্যই তা আনন্দের। প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই বইমেলার প্রধান অতিথি। বিশেষ অতিথি বাংলাদেশ উপ-হাইকমিশনের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী যাতে দেশপ্রিয় পার্কে ভাষা-দিবসের অনুষ্ঠানের পর আসতে পারেন, সেই চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, এবছর ঢাকার একুশে মেলার সময় পিছিয়েছে করোনাজনিত কারণে। আবার এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা হবে জুলাই মাসে। সূত্রের আরও খবর, দক্ষিণ কলকাতার প্রথম বইমেলায় ৬০ থেকে ৬৫টি স্টল বসবে। ছোট করে বইমেলা হলেও এর মাধ্যমে সাহিত্য ও বইপ্রেমীদের খানিকটা চাহিদা মিটবে। বাংলা-বাঙালিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। পাশাপাশি দুই বাংলার বই সাজিয়ে মেলার পরিকল্পনাও রয়েছে।

Related posts

Leave a Comment