আল-কায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে আল-কায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের পুলিশি জেরায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। ওই ধৃতদের মধ্যে একজনের বাড়িতে মিলল সুড়ঙ্গ। পুলিশ সূত্রে খবর, ধৃত আবু সুফিয়ানের বাড়িতে মিলল সুড়ঙ্গের হদিশ। পাশাপাশি উদ্ধার হল বোমাও।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র গোয়েন্দাদের অনুমান, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র মজুতের জন্যই তৈরি করা হয়েছিল ওই সুড়ঙ্গটি। অল্প কিছুদিন আগেই এই সুড়ঙ্গ বানানো হয়েছিল বলেও ধারণা তদন্তকারী সংস্থাটির। জেরায় জানা গিয়েছে, ধৃতরা মূলত নিজেদের মধ্যে যোগাযোগ করত হোয়াটস অ্যাপের মাধ্যমে। এর জন্য তারা নিজেদের মধ্যে ‘গজবাওয়া এ তুল হিন্দ’ নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপও তৈরি করে।
উল্লেখ্য, গতকাল মুর্শিদাবাদে আল-কায়দা যোগ সন্দেহে গ্রেফতার করা হয় ৬ জনকে। এনআইএ সূত্রে খবর, তল্লাশি চালানো হচ্ছে এমনটা আঁচ করতে পারে আবু সুফিয়ান। এরপর পালিয়ে যাওয়ার ছক কষে মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা ওই সন্দেহভাজন জঙ্গি। পাশাপাশি কয়েকজনকে ফোনও করেছিল সে। তবে কাদের ফোন করা হয়েছিল, তা খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থাটি।
অন্যদিকে, ডোমকল থেকে ধৃত কম্পিউটার সায়েন্সের ছাত্র নাজমুস শাকিবের মোবাইল ফোনে পাওয়া গিয়েছে কাশ্মীরের কয়েকজনের নম্বর। কী কারণে এই নম্বরগুলির সঙ্গে যোগাযোগ রাখত নাজমুস তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের আরও খবর, এনআইএ ছাড়াও ধৃত জঙ্গিদের জেরা করবে বেঙ্গল এসটিএফ।
পাশাপাশি, মুর্শিদাবাদের এই ঘটনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতের কলকাতায় চলছে পুলিশের নাকা চেকিং। জানা গিয়েছে, গড়িয়াহাট, ওয়াটগঞ্জ ছাড়া আরও ৪ জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পাশাপাশি অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি গাড়িকেও।

