মাস্ক ছাড়া ট্রেনে চড়লে জরিমানা-রেলওয়ে বোর্ডের নির্দেশিকা

sealdha station and carona

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:মাস্ক না পরে ট্রেনে চড়লে জরিমানা হতে পারে ৫০০টাকা। সাবধান হতে নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক থুতনির কাছে নামিয়ে রাখলেও জরিমানা হবে। এক্ষেত্রে রেল সূত্রে জানানো হয়েছে,যাত্রীদের উপর নজর রাখবে স্টেশনে থাকা রেলের বিশেষ দল।

মাস্ক বা ফেস কভার না পরে রেল স্টেশনে ঘোরাঘুরি করাও যাবে না। এই ব্যবস্থা চালু করেছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, রেলওয়ে বোর্ডের নির্দেশিকা আসতেই এই ব্যবস্থা চালু হয়েছে। রেল যাত্রীদের একটা বড় অংশই করোনা নিয়ে সচেতন নয়। এই সব ক্ষেত্রে নজরদারির জন্য বিশেষ দল বিভিন্ন স্টেশনে মোতায়েন করা হয়েছে।

রেল সূত্রে জানা যায়,শিয়ালদহ, হাওড়া সহ বিভিন্ন ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে শুরু হয়ে গিয়েছে এই জরিমানা নেওয়ার কাজ ৷ টিকিট পরীক্ষকরাই এই কাজ সামলাবেন বলে জানা যায়। আগামী ৬ মাস এই নিয়ম বজায় থাকবে বলেও জানানো হয়েছে। সংক্রমণের সময়সীমার ওপর অনেকটাই নির্ভর করবে এই জরিমানার বিষয়টি।

পূর্ব রেল সূত্রের খবর, জরিমানা আদায় করে রেলের লভ্যাংশ বাড়ানো এক্ষেত্রে উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য সংক্রমণ রোধ করা। সবাই যাতে মাস্ক ব্যবহার করেন, তা নিশ্চিত করাটাই লক্ষ্য। আর যাঁরা ব্যবহার করবেন না, তাঁদের জরিমানা করে ছেড়ে দেওয়া হবে না। মাস্ক ও ফেস কভার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *