গঙ্গাসাগর মেলা শুরু ৯ জানুয়ারি-চলছে চূড়ান্ত প্রস্তুতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৯ জানুয়ারি গঙ্গাসাগর মেলার শুভারম্ভ। করোনা বিধি মেনে চলছে চূড়ান্ত প্রস্তুতিও। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্বে। করোনা আবহের মধ্যেই এবারের মেলা শুরু হচ্ছে। এই গঙ্গাসাগর মেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। স্থানীয় সূত্রের খবর, অন্যান্য বারের মতো এবারের গঙ্গাসাগর মেলায় ভিড় হবে এমনটা মনে করেই স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ নজর দিয়েছে রাজ্য ওজেলা প্রশাসন।
প্রশাসনিক ও স্থানীয় সূত্রের আরও খবর, করোনা মোকাবিলার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা শুরুর যাবতীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। বাফার জোনেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় প্রবেশের ১০টি পয়েন্টে দিন-রাত থাকবে করোনা র্যাপিড টেস্টের ব্যবস্থা। প্রত্যেক পয়েন্টে থাকবে কোভিড ম্যানেজমেন্ট টাস্কফোর্স। আবার খোলা হয়েছে ১১টি কোয়ারেন্টাইন সেন্টার ও ৮টি সেফ হোম। কোয়ারেন্টাইন সেন্টারে থাকছে ৬৪৫টি এবং সেফ হোমে থাকছে ৬১৫টি বেড। পাশাপাশি প্রাথমিক চিকিৎসার জন্য রাখা হবে ৩৮টি বুথ। সেখানে মোট বেড থাকছে ৬৫৮টি। গত বছরের তুলনায় এবার চিকিৎসকের সংখ্যা দ্বিগুণ ও নার্সের সংখ্যা তিনগুণ বেশি করা হয়েছে।

