উচ্চ মাধ্যমিক পরীক্ষাসূচি বদলের বিষয়ে আলোচনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। সূত্রের খবর, পূর্বের সূচি অনুযায়ী আগামী ২ থেকে ২০ এপ্রিল ওই পরীক্ষা নেওয়ার কথা ছিল। এরপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে, জয়েন্ট মেন (জেইই) পরীক্ষা হবে আগামী ১৬ থেকে ২১ এপ্রিল। এক্ষেত্রে বলা হয়েছে, দুই পরীক্ষার সময়সূচিতে যাতে কোনও সমস্যা না তৈরি হয়, তার জন্য উচ্চ মাধ্যমিকের সূচিতে কিছু রদ-বদলের ভাবনা-চিন্তা চলেছে বলে খবর।
সূত্রের আরও খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বিষয়টি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে। ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। গত ১ নভেম্বর পরীক্ষাসূচি ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাংলা থেকে কয়েক হাজার পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষায় বসে। দুটি পরীক্ষার সময়সূচি আংশিকভাবেও মিলে গেলে অসুবিধায় পড়বেন অনেক পরীক্ষার্থী। তাই উচ্চ মাধ্যমিকের সূচি বদলের বিষয়ে আলোচনা চলছে।

