সাংবাদিক অভিযুক্ত ভূ-স্বর্গ কাশ্মীরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় দেশ-বিরোধী পোস্ট। এই অভিযোগে কাশ্মীরি চিত্র-সাংবাদিক মাসরত জাহরার বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ও ভারতীয় দণ্ডবিধিতে মামলাও হয়েছে। আবার ভুয়ো খবর প্রকাশের জন্য সাংবাদিক পীরজাদা আশিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। সূত্রের খবর, ২৬ বছর বয়সী মাসরতের তোলা কাশ্মীরের ছবি কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। অশান্তি ও বাহিনী জঙ্গি সংঘর্ষের সময়ে নারী ও শিশুদের অবস্থার কথা উঠে আসে তাঁর ছবিতে। শ্রীনগরের সাইবার থানা সূত্রে জানানো হয়েছে, মাসরত জাহরা নামে একজন ফেসবুকে নানা দেশ-বিরোধী পোস্ট করছেন। সাইবার থানার পক্ষ থেকে আরও জানানো হয়, উস্কানিমূলক কিছু ছবি আপলোড করা হয়েছে। এ বিষয়ে মাসরত জাহরা জানান, সাইবার থানা আমাকে হাজির হতে বলেছিল। আমার বাবা বাড়িতে না থাকায় যেতে পারিনি। আমি থানায় যাব।

