সল্টলেক বি জে ব্লকের খুঁটিপুজো সম্পন্ন, এবারের থিম “রাজবাড়ী”

BJ Block Khunti Puja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সল্টলেক বি জে ব্লকের দুর্গাপুজো এবার ৩৭তম বর্ষে পদার্পণ করবে। আজ খুঁটি পুজো সম্পন্ন হল বি জে ব্লকে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্টরা। বি জে ব্লক উৎসব কমিটির প্রেসিডেন্ট উমাশঙ্কর ঘোষ দস্তিদার জানান, এবারের পূজার থিম হিসেবে থাকছে “রাজবাড়ী”।

অন্যান্য বারের তুলনায় এবার পরিস্থিতিটা অন্যরকম। সেই কথা মাথায় রেখেই যাঁরা ঠাকুর দর্শন করতে আসবেন, তাঁদের প্রত্যেকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। যাঁদের কাছে মাস্ক থাকবে না, পুজো কমিটির পক্ষ থেকে তাঁদেরকে বিনামূল্যে মাস্ক দেওয়া হবে। মাক্স ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন উমাশঙ্করবাবু। পাশাপাশি থাকছে স্যানিটাইজিং ব্যবস্থা। প্রত্যেক দর্শনার্থী যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঠাকুর দর্শন করতে পারেন, সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।

অন্যদিকে, যাঁরা পুষ্পাঞ্জলি দেবেন তাঁদের জন্য মণ্ডপের ভিতরে বসানো হবে বড় জায়ান্ট স্ক্রিন। সেখানেই তাঁরা অঞ্জলি দিতে পারবেন। এদিন উমাশঙ্করবাবু আরও জানান, অন্যান্য বার যেভাবে মানুষের ঢল দেখা যায় তাতে ৫০ জন করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হত। তবে এবারের পরিস্থিতিটা অন্যরকম হওয়ায় মানুষের ভিড় কেমন হয়, সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *