লকডাউন কঠোরভাবে কার্যকর করতে নাকা চেকিংয়ে জোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনকে আরও কঠোরভাবে কার্যকর করতে শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের সংখ্যা বাড়াল পুলিশ। সূত্রের খবর, কড়াকড়ি পুলিশের। কলকাতায় বাড়ছে নাকা চেকিংয়ের সংখ্যাও। যে সব জায়গা থেকে বেশি অভিযোগ এসেছে, সেখানে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সব এলাকায় গাড়ি বা বাইক নিয়ে যাতে অহেতুক কেউ না বের হয়, সে কারণেই এই ব্যবস্থা। এরফলে সুফলও পাওয়া গিয়েছে। পাশাপাশি আগামী দিনে অন্যান্য এলাকাতেও নাকা চেকিংয়ের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ। কলকাতার কয়েকটি এলাকায় ঠিকমতো লকডাউন মানা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। তাতে বলা হয়, নির্দিষ্ট সময়ের পরেও দোকান খোলা থাকছে। মানুষজনও যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। বাইক ও অন্যান্য ছোট গাড়ি অবাধে যাতায়াত করছে। বাজার বা ওষুধের দোকানে যাওয়ার নাম করে ঘুরে বেড়াচ্ছেন বেশিরভাগ লোক। বেশি সমস্যা হচ্ছে থানার সীমানা লাগোয়া এলাকাগুলিতে। এরপরই পরিস্থিতি পাল্টাতে সজাগ হয় পুলিশ।

