বন্দিদের তৈরি তাঁতের শাড়ি মিলবে বিপণন কেন্দ্রে

Making Sharee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার দুর্গাপুজোয় বিভিন্ন বৈচিত্র্যের তাঁতের শাড়ি তৈরি করে রীতিমতো চমকে দিতে চলেছে বন্দিশালার বন্দিরা। জেল সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলে সেইসব কাজের তৎপরতা শুরু হয়েছে। বন্দিদের তৈরি ওই তাঁতের শাড়ি মিলবে কারা দপ্তরের বিপণন কেন্দ্রে। এমনকী ওই তাঁতের শাড়ি বাজারজাত করার জন্য বিক্রি করা হবে রাজ্যের বিভিন্ন সরকারি মেলাগুলিতেও। এই কাজের সঙ্গে যুক্ত কর্মীরা জানিয়েছেন, জেলের বন্দিদের হাতে-কলমে জিনিসপত্র তৈরির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পাওয়া যাচ্ছে।

জেল সূত্রের আরও খবর, আগামী দিনে তাঁতের শাড়ি তৈরির ক্ষেত্রেও সফলতা পাওয়া যাবে। এক্ষেত্রে একদিকে সংশোধনাগারের সাফল্য সামনে আসবে, অন্যদিকে বন্দিরাও উপকৃত হবেন। উল্লেখ্য, বন্দিরা যেসব জিনিসপত্র তৈরি করে থাকে, তার জন্য পারিশ্রমিকও দেওয়া হয়। পাশাপাশি সেই টাকা অনেক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিরা প্রতিমাসে বাড়িতেও পাঠিয়ে থাকে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, তাঁতের শাড়ি তৈরির ক্ষেত্রে বিভিন্ন জেলে এ কাজে উৎসাহী বন্দিদের মধ্য থেকে কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে। ওই কাজের প্রশিক্ষণ দেওয়া হয় তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাধ্যমে। প্রশিক্ষণের পর পরীক্ষামূলকভাবে ওই কাজ শুরু হয়েছে। বিভিন্ন তাঁতের কাপড় তৈরিও হয়। কারা দপ্তর সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে বিভিন্ন জেলে সামাজিক সুরক্ষাবিধি মেনে বর্তমানে এই কাজ করতে হচ্ছে বন্দিদের। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আরও বেশি সংখ্যক বন্দিদের এই কাজে উৎসাহ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এক্ষেত্রে বেশি উৎপাদনও সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *