ম্যাকাউটের চূড়ান্ত সেমেস্টারের ফল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চূড়ান্ত সেমেস্টারের ফলপ্রকাশ করল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, রাজ্য সরকারের অ্যাডভাইসরি অনুযায়ী “৮০ : ২০” পদ্ধতিতে ফলপ্রকাশ করতে শুরু করল সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলি। জানা গিয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট প্রায় ৪৪ হাজার স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষার্থীর ফাইনাল সেমেস্টারের ফলপ্রকাশ করেছে। www.makautexam.net ওয়েবসাইটটি থেকে ফল দেখা যাচ্ছে। আরও জানা গিয়েছে, ৪টি নিরবচ্ছিন্ন মূল্যায়ন, হোম অ্যাসাইনমেন্ট এবং হাজিরার উপর ভিত্তি করে এই নম্বর দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। আবার আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ করার কথা জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলপ্রকাশের পূর্বে শেষ মুহূর্তের চেকিং চলছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ফলপ্রকাশের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ফলপ্রকাশের পর পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বলে খবর। অনেকে আবার অনলাইনে ক্লাস শুরুর দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গিয়েছে।

