LPG gasBreaking News Lifestyle 

সিলিন্ডার জালিয়াতি রুখতে বুকিংয়ের নতুন নিয়ম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নভেম্বর মাসের ১ তারিখ থেকেই বদলে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের নিয়ম ৷ জানা গিয়েছে, তেল কোম্পানিগুলি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে জালিয়াতি রুখতে এই নতুন নিয়ম জারি করেছে। সূত্রের খবর, এবার থেকে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। গ্যাস ডেলিভারির সময় সেই OTP ডেলিভারিম্যানকে না দিলে গ্যাস পাবেন না গ্রাহকেরা।

সরকারি তেল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বর মাস থেকে দেশের ১০০টি শহরে এই প্রক্রিয়াই চলবে। এরজন্য গ্রাহকের সঠিক মোবাইল নম্বর রেজিস্টার্ড করানো বাধ্যতামূলক। রেজিস্টার্ড মোবাইল নম্বর গ্রাহকের সঙ্গে না থাকলে তিনি OTP পাবেন না। আর OTP না দিলে মিলবে না সিলিন্ডারও ৷ অতএব এখনই তেল কোম্পানিগুলি গ্রাহকদের নিজেদের নাম, মোবাইল নম্বর, ঠিকানা সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে আপডেট করানোর অনুরোধ জানিয়েছে বলে খবর। তেল কোম্পানিগুলি ইতিমধ্যেই নভেম্বর মাসের জন্য এলপিজি রেটও জারি করেছে ৷

জানা গিয়েছে, ১৪ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হচ্ছে না। তবে দাম বাড়তে চলেছে কর্মাশিয়াল গ্যাসের ৷ প্রতি কর্মাশিয়াল সিলিন্ডারে এই মাসে ৭৮ টাকা বেশি গুনতে হবে গ্রাহকদের ৷ অন্যদিকে বদলে গিয়েছে ইন্ডিয়ান অয়েলের এলপিজি রিফিল বুকিং করার ফোন নম্বরও। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইন্ডেন এলপিজি রিফিল বুকিংয়ের ক্ষেত্রে যে টেলিকম সার্কল ভিত্তিক ফোন নম্বরটি ছিল তা বদলে হয়েছে ৭৭১৮৯৫৫৫৫৫।

Related posts

Leave a Comment