“মেমসাহেব” স্রষ্ট্রা নিমাই ভট্টাচার্য প্রয়াত

Nimai Bhattacharya

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন কথা সাহিত্যিক নিমাই ভট্টাচার্য (৮৯)। কালজয়ী কথা সাহিত্যিক নিমাই ভট্টাচার্য টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই সাহিত্যিক। শুধু সাহিত্যিকের গণ্ডিতে নয়, সাংবাদিকতার দুনিয়াতেও এক উজ্জ্বল ব্যক্তিত্ব তিনি। দেশ-বিদেশের বহু রাষ্ট্রনায়কের সংস্পর্শে এসেছিলেন নিমাইবাবু। প্রথম প্রকাশিত বই রাজধানীর নেপথ্যে ১৯৬৪ সালে প্রকাশিত হয়। ১৯৬৮ সালে “মেমসাহেব” প্রকাশিত হয়। এই উপন্যাসটি তাঁকে সাহিত্য জগৎ ও পাঠক মহলে সুপ্রতিষ্ঠিত করেছিল।

সূত্রের খবর, নিমাই ভট্টাচার্যের বইয়ের সংখ্যা প্রায় ১৩০। “পিয়াসা”, “ম্যারেজ রেজিস্ট্রার”, “অষ্টাদশী”, “ডিপ্লোম্যাট”, “নাচনী”, “ইমন কল্যাণ” এবং “ব্যাচেলার”-এর মতো অসংখ্য জনপ্রিয় উপন্যাস লিখেছেন নিমাই ভট্টাচার্য। ১৯৩১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের যশোর জেলায় তাঁর জন্ম। মাত্র ৩ বছর বয়সে মাকে হারিয়েছিলেন তিনি। বাবা সুরেন্দ্রনাথ ভট্টাচার্যই তাঁকে বড় করেছিলেন। জানা গিয়েছে, ১৯৪৮ সালে ম্যাট্রিকুলেশন পাশ করে কলকাতার রিপন কলেজে ভর্তি হন। পড়াশুনার সঙ্গেই সাংবাদিক হিসেবে লেখালেখি শুরু করেছিলেন তিনি। ১৯৫০ সালে “লোকসেবক” পত্রিকায় সাংবাদিক জীবনের হাতেঘড়ি হয়েছিল তাঁর। দিল্লিতে বেশ কয়েকটি সংবাদপত্রে সংসদ, কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন রাজধানীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *