করোনা পরীক্ষা চালানোর পরামর্শ নোবেল জয়ী অভিজিতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিপর্যস্ত পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্কের ব্যবহারের কথা জানালেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সন্দেহজনক এলাকা বেছে নিয়ে সেখানে রেপিড করোনা পরীক্ষা চালানোর পরামর্শও দিলেন এই অর্থনীতিবিদ। আবার আশাকর্মীদের আরও বেশি কাজে লাগানোর বিষয়টিও উল্লেখ করেছেন নোবেল জয়ী।
সূত্রের খবর, বস্টন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিও কনফারেন্স হয় এই অর্থনীতিবিদের। পরামর্শ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইট দিয়ে লাইন রাখার ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি। তাঁর আরও বক্তব্য, এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার প্রয়োজন। তাই প্রথমেই যে জায়গায় করোনা হওয়ার আশঙ্কা রয়েছে সেখানে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। রাজ্যের মানুষের মধ্যে সর্দি, কাশির প্রবণতা রয়েছে। তাই পরীক্ষা চালালে কয়েকজন করোনা আক্রান্ত মিলেই যাবে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় থাকতে পারে। সেটাও ভাঙতে হবে।

