ডিএলএড কোর্সে ভর্তির ক্ষেত্রে চাহিদা কমেছে

Primary Education

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিএলএড কোর্সে ভর্তির আবেদনে সাড়া নেই। প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরির জন্য আবশ্যিক ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড প্রশিক্ষণ। এক্ষেত্রে এই কোর্সে ভর্তির জন্য চাহিদা বাড়বে, এমনই আশা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, গতবারের তুলনায় আবেদন জমা পড়ে প্রায় ১০ ভাগের ১ ভাগ। উল্লেখ্য, গত ১০ আগস্ট থেকে রাজ্যের প্রায় ৪৬ হাজার আসনে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক্ষেত্রে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান, গতবার এই কোর্স নিয়ে উৎসাহ এতটাই ছিল, প্রায় ৫ লক্ষ আবেদন জমা পড়ে। এবার ছবিটা পুরো উল্টো। গতবার যেখানে আবেদনের ফি ছিল ৩০০ টাকা, এবার তা কমিয়ে করা হয়েছে ১০০ টাকা। তা সত্ত্বেও মাত্র ৫২,৪৮৯টি আবেদন জমা পড়েছে।

বিশেষজ্ঞমহল মনে করছেন, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা এবং বাস্তবে কত শূন্যপদ রয়েছে, তা নিয়ে ধন্দ বাড়ায় উৎসাহ কমেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিস্থিতি কিছুটা হলেও বদলাবে বলে মনে করছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ইন্টারনেটের সমস্যা থাকে। গ্রামাঞ্চলে কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন সেভাবে থাকে না। এক্ষেত্রে প্রার্থীরা যাতে বিনামূল্যে অনলাইন বা ইন্টারনেট চার্জ ছাড়া আবেদনের ফি দিয়ে আবেদন করতে পারে তার জন্য পর্ষদ অভিনব ব্যবস্থা করেছিল। কমন সার্ভিস সেন্টারের সঙ্গে চুক্তি হয়। এই সংস্থার রাজ্যব্যাপী ১৭ হাজারেরও বেশি কেন্দ্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *