রেপো রেট কমানোর পথেই হাঁটতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অর্থনীতির স্বার্থে ফের রেপো রেট কমানোর দাওয়াই রিজার্ভ ব্যাঙ্কের। সূত্রের খবর, দেশের বেশ কিছু সেক্টর অনেকটাই স্বাভাবিক ছন্দে। করোনার আবহে পরিস্থিতি ভিন্ন। কিছু কিছু পণ্য ও পরিষেবা ক্ষেত্র ধাক্কা খেয়েছে। অর্থনীতি ঠিক কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, তা বলা সম্ভব হচ্ছে না। অর্থনীতিকে চাঙ্গা করতে প্রয়াস নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এ বিষয়ে জানিয়েছেন, যথাসময়ে আবার সুদের হার নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক আভাস দিয়েছে, আগামী দিনে রেপো রেট আবার কমানোর পথেই হাঁটা হবে। এ প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে উদ্বেগের কোনও জায়গা নেই। ভারতের ব্যাঙ্ক ব্যবস্থা সক্রিয় ও শক্তিশালী রয়েছে ও থাকবে। অন্যদিকে তিনি ব্যাঙ্কগুলিকে সতর্কও করেছেন। এক্ষেত্রে তাঁর প্রস্তাব, নিরাপদ থাকতে ঋণ দেওয়ার হার কমানোটা উপায় নয়। প্রশাসনিকভাবে ঝুঁকিহীন ব্যবস্থা গড়ে তোলার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

