টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ

tet and exam

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রবিবার ৩১ জানুয়ারি প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে সতর্ক রাজ্য। এক্ষেত্রে জারি হয়েছে একাধিক নিয়মাবলী। উল্লেখ করা যায়, গত সোমবারই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রাথমিকের টেট নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। এক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, প্রাথমিকের টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে।

সূত্রের খবর, প্রাথমিকের টেট নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য। রবিবার প্রায় আড়াই লক্ষ ছাত্র- ছাত্রী প্রাথমিক টেট দেবেন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দেবেন ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য,করোনা আবহে পরীক্ষা হওয়ার জন্য একাধিক নিয়মাবলী জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে সেই নিয়মাবলী পাঠানো হয়েছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে প্রায় ১০০০ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হতে চলেছে এই টেট। কলকাতার মোট ২৫ টি পরীক্ষাকেন্দ্রে হবে প্রাথমিকের টেট।

করোনা পর্বকে মাথায় রেখে বেশ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে। যেমন- প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে ২০০ জনের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন। দুটি বেঞ্চের মধ্যে নূন্যতম দূরত্ব বিধি ৬ফুট থাকতে হবে। মাস্ক ও স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। এক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রের পক্ষ থেকে কোনও মাস্ক দেওয়া হবে না বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে। ছাত্র-ছাত্রীরা এডমিড কার্ড ডাউনলোড করতে শুরু করেছেন।

পর্ষদ সূত্রে আরও খবর, বাড়ির কাছাকাছি যাতে পরীক্ষাকেন্দ্র দেওয়া যায় সেই বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আবার জেলার ছাত্র-ছাত্রীদের যাতে অন্য জেলায় গিয়ে পরীক্ষা দিতে না হয় সেই বিষয়ে নজর রাখা হয়েছে। পরিবহণ ব্যবস্থা যাতে রবিবার সচল রাখা হয় সে বিষয়েও জেলাশাসককে তা দেখতে বলা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারেন সে বিষয়েও নজর রাখতে বলা হয়েছে জেলাশাসকদের। পরীক্ষার সময় সীমা কি হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পর্ষদ জানিয়ে দেবে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *