কৃষিক্ষেত্রে প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি

Rain-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেপ্টেম্বরে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি হলেও চাষে প্রভাব পড়বে না, এমনই মত বিশেষজ্ঞদের। সূত্রের খবর, আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে বঙ্গোপসাগরে পরপর ৩টি নিম্নচাপ ঘনীভূত হয়। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হয়েছিল। অন্যদিকে সেপ্টেম্বর মাসে নতুন করে কোনও নিম্নচাপ বা ভারী বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গে তৈরি হয়নি। কৃষি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নদিয়া ও মুর্শিদাবাদ দুটি জেলা ছাড়া সর্বত্রই স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়েছে।

সূত্রের আরও খবর, স্বাভাবিকের থেকে ২০ শতাংশ কম বৃষ্টি হলে আবহাওয়াগত বিচারে এক্ষেত্রে ঘাটতি হিসেবে ধরা হয়ে থাকে। সেই সূত্রে বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ ছাড়া সব জেলাতেই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির ঘাটতি রয়েছে। অন্যান্য জেলায় স্বাভাবিকের থেকে ৪০-৫০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে চাষের উপর কোনও পড়বে না বলেই জানিয়েছেন কৃষি দপ্তরের বিশেষজ্ঞরা। আরও জানা যায়, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলা- জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ সংলগ্ন উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে সেপ্টেম্বরে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *