২৮ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে চলবে কৃমি নিবারণ কর্মসূচি

Rural Sub Health

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যে চলবে কৃমি নিবারণ কর্মসূচি। সূত্রের খবর, মাটি থেকে উঠে আসা বিভিন্ন ধরনের কৃমি থেকে নানা রোগ ছড়ায়। এই সব রোগ দূর করতে এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। রাজ্য জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্প অধিকর্তা একটি নির্দেশনামায় এ খবর জানান। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, ১৫ দিনব্যাপী রাজ্যের বিভিন্ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সীদের কৃমি নিবারণের ওষুধ অ্যালবেনডাজোল খাওয়ানো হবে। সূত্রের আরও খবর, ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এএনএম, আশা-সহ বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা। সময়- বেলা ১১টা থেকে দুপুর ১টা ও বিকেল ৩টা পর্যন্ত সময়সীমায় পালিত হবে এই কর্মসূচি। এক্ষেত্রে আরও বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক দফায় ১০ জন করে শিশু ও কিশোর-কিশোরীকে এই ওষুধ খাওয়াতে হবে। খালি পেটে এই ওষুধ খাওয়ানো যাবে না। ভরা পেটে ওষুধ খাওয়াতে হবে। এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে চটজলদি চিকিৎসা পরিষেবা দিতে হবে। সেক্ষেত্রে যাতে দেরি না হয়, তা সুনিশ্চিতও করতে হবে। প্রতিটি কেন্দ্রে এক-দুটি শয্যার ব্যবস্থাও রাখা হবে। ওষুধ খাওয়ানোর পর আধ ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাদের ছাড়া হবে। তবে বাচ্চারা আগে থেকে অসুস্থ থাকলে তাদের এই ওষুধ খাওয়ানো যাবে না বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *