Self Help Group-1Others 

স্ব-নির্ভর গোষ্ঠীর পণ্য আমজনতার দরজায় পৌঁছে দিতে উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার স্ব-নির্ভর গোষ্ঠীর পণ্য অনলাইনে। সূত্রের খবর, স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি পণ্য আমজনতার দরজায় পৌঁছে দিতে উদ্যোগী কেন্দ্র ও রাজ্য। স্ব-নির্ভর গোষ্ঠীর পণ্য বিক্রয়ের জন্য অনলাইনে সামগ্রী সরবরাহকারী দুটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্য সরকারও অনলাইনে সামগ্রী পৌঁছে দেওয়ার পদ্ধতি হাতে-কলমে বোঝানোর জন্য প্রশিক্ষণ শুরু করেছে বলে খবর।

আবার স্ব-নির্ভর গোষ্ঠীর পণ্য বিক্রয়ের জন্য স্থায়ী বিপণির পরিকল্পনাও করছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সূত্রের আরও খবর, ন্যাশনাল আর্বান লাইভলিহুড মিশনের (এনইউএলএম) অধীনে অনলাইনে স্ব-নির্ভর গোষ্ঠীর পণ্য বিক্রির কেন্দ্রীয় চুক্তি অনুসারে রাজ্যে দুটি জোন বা অঞ্চল তৈরি হয়েছে। সেগুলি হল- উত্তর দমদম ও মেদিনীপুর। দুটি জোনের লাগোয়া জেলাগুলি নিয়েই সিটি লাইভলিহুড সেন্টার দুটির কাজ চলবে বলে জানা গিয়েছে। সেখানকার জিএসটি বা প্যান রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, স্ব-নির্ভর গোষ্ঠীর ৫০ জন বাছাই সদস্য নিয়ে প্রশিক্ষণের কাজ পুজোর পরই শুরু করবে অনলাইনে পণ্য সরবরাহকারী দুটি আন্তর্জাতিক সংস্থা।

অন্যদিকে রাজ্যের সব পুরসভা থেকে স্ব-নির্ভর গোষ্ঠীর বাছাই করা প্রায় ১৫০০ জন সদস্য নিয়ে ই-রিটেলিং-এর প্রশিক্ষণ শুরু করেছে রাজ্যের নগর উন্নয়ন সংস্থা (সুডা)। এ বিষয়ে জানা যায়, পণ্যের ছবি কীভাবে তুলতে হয়, পোর্টালে কীভাবে তা আপলোড করতে হয় এবং ই-পেমেন্ট কী- এই সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন বিশেষজ্ঞরা। পরবর্তীতে অনলাইনে স্ব-নির্ভর গোষ্ঠীর পণ্য বিক্রির ক্ষেত্রে বিভিন্ন সংস্থার সঙ্গে পরিকল্পনা করবে পুর দফতর। উল্লেখ্য, রাজ্যের পুর এলাকায় ৬৮,০০০ স্ব-নির্ভর গোষ্ঠী রয়েছে। পণ্য বিক্রির জন্য পরিকল্পিত স্থায়ী কেন্দ্রে সামগ্রী প্রদর্শনী ছাড়াও প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment