রাজ্যের বস্ত্রশিল্পে লক্ষ্য ছোঁয়ার বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের বস্ত্রশিল্পের জন্য লক্ষ্য বেঁধে দিলেন অমিত মিত্র। সূত্রের খবর, রাজ্যের বস্ত্রশিল্পকে এমনই লক্ষ্য ছোঁয়ার বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। এক্ষেত্রে তাঁর বক্তব্য, দেশের রফতানিতে রাজ্যের অংশীদারি বাড়াতে চেষ্টা করুক তারা। এর জন্য শিল্পকর্তা ও সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স গড়ার পরামর্শও দিয়েছেন তিনি। রাজ্য পরিকাঠামো ও অন্যান্য সহায়তা দেবে।
উল্লেখ করা যায়, বণিকসভা ফিকিকে নিয়ে বস্ত্র ও পোশাক শিল্পের সঙ্গে এই বৈঠকের আয়োজন করেছিল রাজ্য। এক্ষেত্রে লক্ষ্য ছিল- এই ক্ষেত্রের জন্য কী করেছেন এবং কী পরিকল্পনা করছেন তার খতিয়ান পেশ করে উদ্যোগপতিদের সমস্যা ও চাহিদা বোঝা। এ বিষয়ে আরও জানা যায়, অসুস্থতার জন্য অর্থমন্ত্রী অনলাইনেই সভায় যোগ দিয়েছেন।
এক্ষেত্রে তিনি জানিয়েছেন, রাজ্যে এই শিল্পের বার্ষিক ব্যবসা প্রায় ৩৫ হাজার কোটি টাকার। ৩ থেকে ৫ বছরে ৭০ হাজার কোটিতে নিয়ে যেতে হবে। দেশের রফতানিতে রাজ্যের ২.৭ শতাংশ ভাগ, তা-ও ১০ শতাংশ করতে হবে। এক্ষেত্রে আরও খবর, বস্ত্রশিল্প দফতর ও শিল্পোন্নয়ন নিগমের কর্তারা শিল্পের সামনে বিভিন্ন পরিকাঠামোর কথা তুলে ধরেন। অন্যদিকে শান্তিপুরের তাঁতীদের এক্ষেত্রে অভিযোগ, মুদ্রা-সহ নানা সরকারি প্রকল্পে চড়া সুদে ঋণ নিতে হওয়ায় বোঝা চাপছে। সব মিলিয়ে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস মিলেছে বলে খবর।

