পন্ডিত জওহরলাল নেহেরুর প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৬৪ সালের ২৭মে তাঁর নিজের কার্যালয়ে মৃত্যুবরণ করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ তথা ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা। পাশাপাশি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীও ছিলেন। এছাড়াও দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী, পন্ডিত ও কূটনীতিবিদ নেহেরু একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তি।
১৯৪৭ সালের ১৫ আগস্ট তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষা থেকে শিল্প সবদিকেই তাঁর নজর ছিল। আইআইটি ও আইআইএমের মতো বিশ্ববিদ্যালয়গুলি স্থাপন করেছেন নেহেরু। পাশাপাশি গড়ে তুলেছেন বহু শিল্প প্রতিষ্ঠান। তাঁরই উদ্যোগে নাঙ্গল বাঁধ, রিহান্দ বাঁধ ও বোকারো ইস্পাত কারখানা গড়ে উঠেছিল। অন্যদিকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূত্রপাত করেছিলেন নেহেরু। তিনি ইংরেজিতে ৩টি বইও লিখেছিলেন। তাঁর লেখা বইগুলি হল- ”একটি আত্মজীবনী”, ”বিশ্ব ইতিহাসের কিছু চিত্র” ও ”ভারত আবিষ্কার” চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে।

