করোনা পরীক্ষায় নয়া দিশা অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের

monash university

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাস পরীক্ষার ক্ষেত্রে নয়া পথের সন্ধান অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। এক্ষেত্রে জানা গিয়েছে, রক্ত পরীক্ষার মাধ্যমে স্বল্প সময়ের মাধ্যমে বলে দেওয়া সম্ভব কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা। এই ধরনের পরীক্ষা বিশ্বে প্রথম বলেই দাবি করা হল। গবেষকরা এ বিষয়ে জানিয়েছেন, কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা, তা এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে। আবার ওই ব্যক্তি আগে সংক্রমিত হয়েছিলেন কিনা, তাও বলে দেওয়া সম্ভব হবে।

গবেষকরা আরও জানান, র‌্যাপিড টেস্ট সহ স্বল্পমেয়াদী বিভিন্ন পদ্ধতিতে করোনা আক্রান্তদের চিহ্নিত করা হচ্ছে। তবে এই ধরনের পরীক্ষায় সীমাবদ্ধতা রয়েছে। আবার গোষ্ঠী সংক্রমণ হচ্ছে কিনা, তা জানার জন্য দ্রুত পরীক্ষা-নিরীক্ষার দরকার।এক্ষেত্রে তাঁদের বক্তব্য, আমরা প্রতি ঘণ্টায় কয়েকশো পরীক্ষা করতে পারছি। জমাট বাঁধা রক্তের মাধ্যমে করোনা সংক্রমণ হচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।

এই পরীক্ষার জন্য কোনও ব্যক্তির রক্তের নমুনা থেকে ২৫ মাইক্রোলিটার প্লাজমা নেওয়া হচ্ছে। রক্তে কী পদার্থ ও উপাদান রয়েছে, তা জানা যাচ্ছে। নতুন ধরনের এই পরীক্ষাব্যবস্থার পেটেন্ট নেওয়ারও আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, অনেক বেশি মানুষের পরীক্ষা যাতে করা সম্ভব হয়, তার জন্য বাণিজ্যিক সংস্থাগুলির পাশাপাশি সরকারীভাবে সাহায্য চাওয়া হয়েছে। ওই গবেষকদের আরও দাবি, অন্যান্য করোনা পরীক্ষাগুলির তুলনায় এই পদ্ধতিতে অনেক ভাল ফল মিলছে।

সোয়াব টেস্টের তুলনায় রক্তপরীক্ষায় অনেক দ্রুত ফল পাওয়া যাচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত কারও সংস্পর্শে এসেছেন কি না,তাও এই পরীক্ষার মাধ্যমে জানা যায়। ভ্যাকসিনের কেমিক্যাল ট্রায়ালের ক্ষেত্রেও এই পরীক্ষা বিশেষ কাজে লাগবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *