প্রয়াত প্রাক্তন ফুটবলার এথিরাজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৯৬২ সালের এশিয়ান গেমসের সোনা জয়ী টিমের সদস্য ডি এথিরাজ প্রয়াত। পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর পর তাঁর প্রয়াণে শোকের ছায়া ফুটবল মহলে। বেঙ্গালুরুর এই প্রাক্তন জাতীয় তারকা প্রয়াত হলেন ৮৬ বছর বয়সে। সূত্রের খবর, চুনী গোস্বামীর নেতৃত্বাধীন ভারতীয় টিমে ৬২ সালের জাকার্তা এশিয়াডে ছিলেন এথিরাজ। তবে তিনি ম্যাচও খেলার সুযোগ পাননি। ওই সময় ভারতীয় দলে চুনী, পিকে ও বলরাম ছিলেন।
এক্ষেত্রে আরও জানা যায়, এথিরাজ সার্ভিসেসে খেলতেন মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং গ্রুপে কাজ করার জন্য। সার্ভিসেসের হয়ে সন্তোষ ট্রফির ফাইনালও খেলেছেন। একটি ম্যাচে ৫টি গোল করার নজির গড়েন। বাংলার বিরুদ্ধে ১৯৬০- ৬১ মরসুমে তাঁর এই কৃতিত্ব। তাঁর প্রয়াণের খবরে এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন, ভারতীয় ফুটবলের সোনালি যুগের তারকারা একের পর এক চলে যাচ্ছেন। যা বড় মর্মান্তিক।

